
২০২৬ সালের হজে অংশগ্রহণের আগে হজযাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে এসব পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest (P/A view), ECG, Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) এবং Blood Grouping ও Rh Typingসহ নির্ধারিত পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। পাশাপাশি দুরারোগ্য ব্যাধি শনাক্তের প্রয়োজনে সন্দেহজনক হৃদরোগের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতায় S. Creatinine ও USG of KUB, লিভার সিরোসিসের সন্দেহে USG Whole Abdomen ও Upper GIT Endoscopy এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে Sputum for AFB, CT Scan of Chestসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষাও করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ শেষে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালন করবেন।